মোটরসাইকেল না দেওয়ায় ঘরে আগুন, মা-বাবা দগ্ধ
মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবার ওপর ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় ১৭ বছরের এক কিশোর। এতে ওই কিশোরের মা-বাবা দগ্ধ হন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফরিদপুর শহরের কমলাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ বাবা এ টি এম রফিকুল হুদাকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মা সিলভিয়া হুদাকে (৪০) ফরিদপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রফিকুল হুদা পেশায় ব্যবসায়ী। ওই কিশোর তাঁদের একমাত্র সন্তান।
দগ্ধ রফিকুল হুদার ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ জানান, ওই কিশোর এ বছর ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে সে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুল হুদার শরীরের বিভিন্ন অংশ ও মা সিলভিয়া হুদার পায়ের কিছুটা অংশ পুড়ে যায়।
এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তবে রফিকুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আগুনে রফিকুল হুদার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। আমরা সঙ্গে সঙ্গেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করি।’
রফিকুলের সঙ্গে থাকা আরেক ভগ্নিপতি গোলাম মাহমুদ প্রথম আলোকে বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে রফিকুল হুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় শুক্রবার বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।