মোটরসাইকেল না পেয়ে মা-বাবার গায়ে আগুন!
ফরিদপুরে নতুন মডেলের মোটরসাইকেল না পেয়ে নিজের মা-বাবার শরীরে আগুন দিয়েছে এক কিশোর। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ফরিদপুর শহরে এ ঘটনা ঘটে। আগুনে কিশোরের শরীরের কিছু অংশও পুড়ে গেছে।
এ ঘটনায় ওই কিশোরের বাবা এ টি এম রফিকুল হুদা ও মা সিলভিয়া হুদা দগ্ধ হয়েছেন। রফিকুল হুদা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। সিলভিয়া হুদা সামান্য দগ্ধ হয়েছেন।
রফিকুল হুদার ভগ্নিপতি আকরাম উদ্দিন আহমেদ বলেন, এ বছর এসএসসি পাস করা ওই কিশোর তার বাবার কাছে নতুন মডেলের একটি মোটরসাইকেল দাবি করে। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানালে সে বাবার ওপর ক্ষুব্ধ হয়। একপর্যায়ে ঘরের মধ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রফিকুল হুদার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং মা সিলভিয়া হুদার পায়ের কিছুটা অংশ পুড়ে যায়। আগুনে ওই কিশোরের পায়ের কিছু অংশও পুড়ে যায়।
এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে রফিকুলের অবস্থার অবনতি ঘটায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয় শুক্রবার। সেখানে তাঁকে চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সিলভিয়া হুদা ও তাঁর ছেলেকে ফরিদপুর মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রফিকুল হুদার ভাগনে গোলাম মাহমুদ।
ইফতেখার আলম বলেন, আগে ইয়ামাহা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। সেটি পরিবর্তন করে নতুন মডেলের মোটরসাইকেল কিনে দিতে বাবা-মাকে চাপ দিয়ে আসছিল সে। তবে বাবা রাজি না হওয়ায় এ ঘটনা ঘটায় ওই কিশোর।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আগুনে রফিকুল হুদার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। ফরিদপুর থেকে বৃহস্পতিবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওই পরিবারের এক আত্মীয় বলেন, ওই কিশোর বর্তমানে ঢাকার আত্মীয়ের বাসায় রয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, এ ঘটনার বিষয়ে গতকাল শুক্রবার রাত পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।