মোটরসাইকেল ভাড়ায় নিয়ে চালককে হত্যা
বান্দরবানের লামা উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। তাঁর ক্ষতবিক্ষত লাশ গত শনিবার রাতে সড়কের পাশের একটি রাবারবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৪২)। তাঁর বাড়ি লামা উপজেলার সরই ইউনিয়নের হিমছড়িপাড়ায়। তবে লাশ উদ্ধার করা হয়েছে উপজেলার গজালিয়া এলাকা থেকে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত নয়টার দিকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ভাড়াটে সেজে সরই ইউনিয়নের ক্যজুপাড়া বাজার থেকে কামালের মোটরসাইকেলে ওঠে। তারা গজালিয়া ইউনিয়নের একটি গানের অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছিল।
কামাল উদ্দিনের ছোট ভাই জসীম উদ্দিন বলেন, তাঁরা ধারণা করেছিলেন ভাড়াটে নিয়ে যাওয়ার পর তাঁর বড় ভাইও ওই গানের অনুষ্ঠানে গেছেন। কিন্তু পরদিন দুপুরেও তিনি ফিরে আসেননি। ফলে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় লামা-সরই সড়ক থেকে ১০০ গজ দূরের একটি রাবারবাগানে তাঁর লাশ পাওয়া যায়। স্থানটা লামা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে। গতকাল রোববার ওই স্থান থেকে ২০০ গজ দূরে কামালের মোটরসাইকেলটি ও ৫০০ টাকার একটি নোট উদ্ধার করা হয়।
পরিবার বলছে, ওই ভাড়াটেরাই পরিকল্পিতভাবে কামাল উদ্দিনকে হত্যা করেছে। জানে আলম নামের আরেক মোটরসাইকেলের চালক ওই তিন ভাড়াটেকে দেখেছেন। কামাল যখন ৬০০ টাকা ভাড়ায় তাদের নিয়ে গজালিয়ার উদ্দেশে রওনা হন, তখন জানে আলম ক্যজুপাড়া বাজারেই ছিলেন। কামালের ভাই জসীম উদ্দিন বলেছেন, ওই তিন ব্যক্তিই বাঙালি এবং সরই এলাকার বাইরের লোক। তাদের একজনের হাতে ব্যাগ ছিল।
সরইয়ের ক্যজুপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই হাতেম আলী বলেন, কামাল উদ্দিনকে গলা কেটে, বুকে ছুরি মেরে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লামা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা কামাল উদ্দিনকে হত্যার জন্যই মোটরসাইকেলের ভাড়াটে সেজেছিল বলে তাঁদের মনে হয়েছে।