মোটরসাইকেলে অদ্ভুত সব নম্বরফলক
মোটরসাইকেলের নম্বরফলকের জায়গায় কেউ লিখে রেখেছেন জরুরি ডিশ (কেব্ল লাইন) লাইনের কাজে নিয়োজিত। কেউ লিখেছেন জরুরি বিদ্যুৎ, সংবাদ, পুলিশ, গ্রাম পুলিশ। বহু মোটরসাইকেলের পেছনে নম্বরফলক (নম্বর প্লেট) লেখা অন টেস্ট।
এ ছাড়া বিক্রয়কেন্দ্রের নাম নম্বরফলক লেখা মোটরসাইকেলের সংখ্যাও কম নয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এসব মোটরসাইকেলের মালিক এভাবে নিবন্ধন নম্বর ছাড়াই মাসের পর মাস মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিষয়টি দেখার কেউ নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় কতগুলো মোটরসাইকেল আছে, তার সঠিক তথ্য তাদের কাছে নেই। তবে উপজেলায় চলাচলকারী বেশির ভাগ মোটরসাইকেলের নিবন্ধন নম্বর নেই। এ ছাড়া চালকদেরও বেশির ভাগের চালনার অনুমতিপত্র (ড্রাইভিং লাইসেন্স) নেই।
নিবন্ধন না নিয়ে কেন অবৈধভাবে মোটরসাইকেল চালান—এমন প্রশ্নের জবাবে কয়েকজন মোটরসাইকেলচালক জানান, মোটা অঙ্কের টাকা খরচ করে মোটরসাইকেল কেনার পর নিবন্ধন নিতে ১৯ থেকে ২৩ হাজার টাকা খরচ হয়। তাঁরা সেই টাকাও খরচ করতে রাজি আছেন। কিন্তু এ টাকা দেওয়ার পরও নানা কথা বলে আরও তিন থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া কাগজপত্রের ত্রুটির কথা বলে বিভিন্ন সময়ে হয়রানি করা হয়। ফলে বেশির ভাগ মোটরসাইকেলচালকই নিবন্ধন করতে আগ্রহী নন।
মোটরসাইকেলচালকদের এমন অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিরাজগঞ্জের পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এখন আবেদনের এক-দুই দিনের মধ্যেই লাইসেন্স দিয়ে দেওয়া হয়। আর নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করার দায়িত্ব পুলিশের।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মাঝেমধ্যেই তাঁরা নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল জব্দ করেন। পরে অনেকেই নিবন্ধন করে নিয়ে এসে থানা থেকে মোটরসাইকেল নিয়ে যান।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ প্রথম আলোকে জানান, নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।