প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের এক নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের বাড়ির উঠান থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি করে। এরপর চৌধুরীপাড়া-ডিলারপাড়া সংযোগ সড়কে গিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। সাইফুল ইসলাম অভিযোগ করেন, জামায়াত-শিবিরের লোকজন মোটরসাইকেলটি চুরি করে রাস্তায় নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তবে ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক আজাদ চৌধুরী দাবি করেন, এ ঘটনায় জামায়াত-শিবিরের কেউ জড়িত নয়। সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।