মোটরসাইকেলে তুলে নিয়ে পথে হত্যা, ধারণা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পীর’ শহীদুল্লাহ হত্যা
‘পীর’ শহীদুল্লাহ হত্যা

রাজশাহীর ‘পীর’ শহীদুল্লাহ যে দুই ভক্তের সঙ্গে মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিলেন, তাঁরাই পথিমধ্যে তাঁকে হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
গতকাল রোববার রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, শহীদুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর মুঠোফোনে একই নম্বর থেকে চারটি কল আসে। ওই সময় দুজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। সে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি ঘটনার পর থেকে বন্ধ আছে।
নিশারুল আরিফ বলেন, চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহীদুল্লাহ বাড়ি থেকে বের হন। প্রায় ২২ কিলোমিটার দূরে তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায় গিয়ে তাঁর ফোনটি বন্ধ হয়ে যায়। তখন সকাল ৯টা ৪২ মিনিট। সন্ধ্যায় সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জুমারপাড়া আমবাগানে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বেলা ১১টার মধ্যেই তাঁকে হত্যা করা হয়েছে। শহীদুল্লাহর ফোন পাওয়া যায়নি। তবে ফোনের কললিস্টের তথ্য উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, শহীদুল্লাহ যে দুই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে রওনা হয়েছেন, তা এলাকার অনেকে দেখেছেন। কেউ তাঁদের চেনেন না, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ওই দুজনের চেহারার বর্ণনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, যেখানে লাশ পাওয়া গেছে, সেখানেই শহীদুল্লাহকে হত্যা করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, সাম্প্রতিক কালে যেসব হত্যাকাণ্ড ঘটছে তার সঙ্গে এই হত্যা প্রক্রিয়ার মিল রয়েছে। গলায় কোপ দেওয়ার ধরনও একই রকম। এ থেকে ধারণা করা হচ্ছে, উগ্রপন্থী কোনো জঙ্গিগোষ্ঠী এই হত্যায় জড়িত। আবার অন্যরাও করতে পারে। যেমন, মামলার এজাহারে জমিজমা নিয়ে বিরোধের একটি পুরোনো বিষয় উল্লেখ করা হয়েছে,Ñসেটিও খতিয়ে দেখছে পুলিশ।