মোটরসাইকেলে তুলে নিয়ে হত্যা, ধারণা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর ‘পীর’ শহীদুল্লাহ দুই ভক্তের সঙ্গে মোটরসাইকেলে চড়ে চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় তাঁরাই পথিমধ্যে তাঁকে হত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

আজ রোববার রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর মুঠোফোনে একই নম্বর থেকে চারটি কল আসে। ওই সময় দুজন মোটরসাইকেল নিয়ে বাইরে অপেক্ষা করছিলেন। যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটি ঘটনার পর থেকে বন্ধ আছে।
নিশারুল আরিফ বলেন, চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন বলে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে শহীদুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যান। তানোর উপজেলার কৃষ্ণপুর এলাকায় গিয়ে তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। তখন সকাল ৯টা ৪২ মিনিট। সন্ধ্যায় সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে জুমারপাড়া আমবাগানে তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, বেলা ১১টার মধ্যেই তাঁকে হত্যা করা হয়েছে। শহীদুল্লাহর মোবাইল পাওয়া যায়নি। তবে মোবাইলের কললিস্টের তথ্য উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, শহীদুল্লাহ যে দুই ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে রওনা হয়েছেন, তা এলাকার অনেকে দেখেছেন। কেউ তাঁদের চেনেন না, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ওই দুজনের চেহারার বর্ণনা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, যেখানে লাশ পাওয়া গেছে, সেখানেই শহীদুল্লাহকে হত্যা করা হয়েছে।
নিশারুল আরিফ বলেন, সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটছে, তার সঙ্গে এই হত্যা প্রক্রিয়ার মিল রয়েছে। গলায় কোপ দেওয়ার ধরনও একই রকম। এ থেকে ধারণা করা হচ্ছে, উগ্রপন্থী কোনো জঙ্গিগোষ্ঠী এই হত্যায় জড়িত। আবার অন্যরাও করতে পারে। যেমন মামলার এজাহারে জমিজমা নিয়ে বিরোধের একটি পুরোনো বিষয় উল্লেখ করা হয়েছে,Ñসেটিও খতিয়ে দেখছে পুলিশ।
গত ২৩ এপ্রিল প্রকাশ্যে রাজশাহী নগরের শালাবাগান এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ প্রথম দিকে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পায়নি। পরে পরিচয় গোপন রেখে একজন প্রত্যক্ষদর্শী পুলিশের কাছে হত্যার ঘটনার বিবরণ দেন। ওই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। তাঁদের কাছ থেকেও পুলিশ কোনো তথ্য পায়নি।
‘পীর’ হত্যাকাণ্ডের ক্ষেত্রেও আজ রোববার পর্যন্ত পুলিশ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী খুঁজে পায়নি। এমনকি সন্দেহভাজন হিসেবেও কাউকে আটক করা হয়নি।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহীর তানোরের জুমারপাড়ার একটি আমবাগানের ভেতরে শহীদুল্লাহর গলা কাটা লাশ পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও রহনপুর এলাকায় তাঁর কিছু ভক্ত রয়েছে। তাদের কাছে যাওয়ার জন্য তিনি ওই দিন সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে যান।
রাজবাড়ীর গোয়ালন্দের নুরু ফকিরের অনুসারী শহীদুল্লাহ এলাকায় ‘পীর’ হিসেবে পরিচিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও রহনপুর এলাকার তাঁর কিছু ভক্ত রয়েছে। তিনি গ্রামের মোড়ে ইকবাল স্টোর নামের নিজের একটি মুদি দোকানে বসতেন। সেখানেই তাঁর ভক্তরাও আসতেন।

আরও পড়ুন :-