মোটরসাইকেলের আসনের নিচে ৪ হাজার ইয়াবা বড়ি
যশোরের শার্শা উপজেলার নাভারন এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় চার হাজার পিস ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মোটরসাইকেলের আসনের নিচে বিশেষ কায়দায় তা লুকিয়ে রেখেছিলেন তাঁরা।
আটক দুজন হলেন যশোর সদর উপজেলার আলমনগর গ্রামের মনির হোসেন (২৫) ও যশোর শহরের শংকরপুর এলাকার রানা শেখ (২৬)।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মনির ও রানা মোটরসাইকেলে করে বেনাপোল থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সামনে থামানো হয়। এ সময় মোটরসাইকেলের আসনের নিচ থেকে চার হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় ইয়াবা বহনকারী দুজনকে আটকের পাশাপাশি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, মোটরসাইকেলের আসনের নিচে বিশেষ কায়দায় রাখা চার হাজার পিস ইয়াবা বড়ি লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলোর বহনকারী মনির ও রানা হলেও আসল মালিক বেনাপোলের মিন্টু ও আলা বলে জানতে পেরেছে ডিবি।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মিন্টু, আলা, রফিকুল, মনির ও রানাকে আসামি করে মঙ্গলবার রাতেই শার্শা থানায় একটি মামলা করেছেন।