মোটরসাইকেলের তেলের ট্যাংকে ইয়াবা!
মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন দুই যুবক। পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের থামান পুলিশের একটি দল। তল্লাশি চালিয়েও তাঁদের কাছে কিছু পাওয়া গেল না। সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি ভালোভাবে পরীক্ষা করে। এরপর অভিনব কায়দায় মোটরসাইকেলের জ্বালানি তেলের ট্যাংক থেকে ৪৮ হাজার ইয়াবাবড়ি জব্দ করে।
গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকা থেকে ইয়াবাসহ একটি পালসার মোটরসাইকেল জব্দ ও দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবক হলেন—নুরুল আমিন (৩০) ও হেলাল উদ্দিন ওরফে রাসেল (২৫)। দুজনের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া থানার পদুয়া গ্রামে।
গতকাল বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেলের জ্বালানি তেলের বাক্সে লুকিয়ে রাখা ২৪টি প্যাকেটে ৪৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এগুলো চট্টগ্রাম থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। জব্দ করা ইয়াবার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন, ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী।