মোটরসাইকেলের লোভে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের লোভে রাঙামাটির লংগদুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। গতকাল শনিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী থেকে মোটরসাইকেল উদ্ধার করার পর সাংবাদিকদের এসব কথা জানান জেলা পুলিশ সুপার (এসপি) আলী আহাম্মদ খান।

গ্রেপ্তার দুজন হলেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ার রনেল চাকমা (৩৩) ও রাঙামাটির লংগদু এলাকায় রাঙ্গিপাড়ার জুনেল চাকমা (১৮। দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা মাইনী নদীতে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে।

নিহত নুরুল ইসলাম লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করতেন। ১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি লংগদু উপজেলা সদরে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে রাঙামাটির লংগদুর চারটি গ্রামের দুই শতাধিক পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে আত্মীয়স্বজনের বাড়ি, মন্দির, বন, পরিত্যক্ত ঘর ও গাছতলায় আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবার এখনো গ্রামে ফিরে যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহাম্মদ খান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও দীঘিনালা পুলিশের একটি দল জুনেল চাকমা ও রনেল চাকমাকে গ্রেপ্তার করে। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে জুনেল চাকমাকে গ্রেপ্তার করেন তাঁরা। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যুবলীগ নেতার হত্যাকাণ্ডের সঙ্গে তিনজন জড়িত। পূর্বশত্রুতার জেরে নয়, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই নুরুল ইসলামকে হত্যা করেন তাঁরা। 

পুলিশ জানায়, ১ জুন যাত্রীবেশে জুনেল চাকমা লংগদু থেকে নুরুল ইসলামের মোটরসাইকেলে করে খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে রনেল চাকমা ও অপর একজন মিলে রড দিয়ে মাথায় আঘাত করে ও পিটিয়ে নুরুলকে হত্যা করেন। পরে লাশ দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের চার মাইল এলাকায় ফেলে চলে যান তাঁরা।

খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহাম্মদ খান বলেন, মোটরসাইকেলটি বিক্রি করতে না পেরে ৪ জুন রাতে দীঘিনালার মাইনী নদীতে ফেলে দেন। গত শুক্রবার সন্ধ্যায় মাইনী নদীর তীরের ঝোপ থেকে নুরুলের হেলমেট উদ্ধার করে পুলিশ। গতকাল দীঘিনালার মাইনী সেতু এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও খাগড়াছড়ি প্রতিনিধি)