রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন হত্যা মামলায় তাঁর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার সকালে মনিরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মনিরুল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মোতালেবের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ২৫৩ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালুকপাড়া গ্রামে। বাবার নাম মইদুল হক।
গত বৃহস্পতিবার সকালে নবাব আবদুল লতিফ হলের ডাইনিংয়ের পাশের ড্রেন থেকে মোতালেবের লাশ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় মোতালেবের চাচা বশির উদ্দিন বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
লাশ উদ্ধারের পর মোতালেবের রুমমেট মনিরুল, এক সহপাঠী ও হলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। পরে মনিরুল ছাড়া বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়। তিন দিন ধরে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর এই হত্যা মামলায় মনিরুলকে গ্রেপ্তার দেখানো হলো।
মোতালেব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ শোক র্যালির পাশাপাশি মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের সামনে থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মোতালেব হত্যার তদন্তে ৩১ অক্টোবরের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
আরও পড়ুন: