মোবাইলে কথা বলার সুযোগ দেওয়ায় দুই পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নগর পুলিশের উপকমিশনার (সদর) মাসুদ-উল-হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কনস্টেবল খোরশেদ আলম ও মোহাম্মদ আইয়ুব। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার তাঁদের বরখাস্ত করা হয়।

গত রোববার জঙ্গি সন্দেহে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) শীর্ষ দুই নেতা এবং পাকিস্তানের এক নাগরিকসহ পাঁচজনকে চট্টগ্রামের ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা হলেন আরএসওর সভাপতি সালামত উল্লাহ (৪৫) ও সহসভাপতি মো. শফিউল্লাহ (৪০), পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম (৪৪), সৌদি প্রবাসী রোহিঙ্গা আবদুল মজিদ ও মোহাম্মদ আমিন (৫০)।

গত সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আহম্মদ সাঈদ তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় যাওয়ার আগে নগর ডিবি কার্যালয়ে পাঁচজনকে তাঁদের স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দেন বলে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে।