মোবাইলে ছবি দেখে খুনি চিহ্নিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়ায় রনি (১৩) নামের এক স্কুলছাত্রকে হত্যা করে আশরাফুল হোসেন (৩০) নামের এক ব্যক্তি তার অটো ভ্যানটি ছিনতাই করেন। পরে ছিনতাই করা অটো ভ্যানটি বিক্রি করতে গেলে ক্রেতা ছবি তুলে রাখেন। আর সেই ছবি দেখেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামে রনির বাড়ি। তার বাবা উজ্জ্বল হোসেনও একজন ভ্যানচালক। সংসারে অভাবের কারণে পড়াশোনার ফাঁকে অটো ভ্যান চালাত আতাইকুলা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র রনি। গতকাল রোববার সকালের দিকে সে অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আজ সোমবার ভোরে বাড়ি থেকে আসাদুল ও আশরাফুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রোববার সকালে রনি ভ্যান নিয়ে বের হওয়ার পর আতাইকুলা থানার তৈলকুপি গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল হোসেন তার অটো ভ্যানটি সারা দিনের জন্য ভাড়া নেন। তাঁরা দিনভর সাঁথিয়া ও বেড়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সাঁথিয়া পৌঁছান। অন্ধকার হওয়ার পর সেখান থেকে সাঁথিয়া থানা এলাকার দড়ি জগন্নাথপুর গ্রামের শ্মশানঘাটের কাছে তাঁরা পৌঁছান। সেখানে গিয়ে আশরাফুল পেছন থেকে চালকের আসনে বসা রনির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর পাশের জঙ্গলে তার লাশ ফেলে রেখে অটো ভ্যানটি নিয়ে আশরাফুল তাঁর বড় ভাই আসাদুলকে ডেকে নেন। তারপর দুজনে মিলে সাঁথিয়া পৌর এলাকায় অর্জুন নামের এক অটো ভ্যান মেরামতকারীর কাছে অটো ভ্যানটি বিক্রি করতে যান। অর্জুন অটো ভ্যান কেনার সময় তাঁদের দুজনের ছবি মোবাইলে ধারণ করে রাখেন। ছবির সূত্র ধরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গ্রেপ্তারের পর তাঁরা দুজন পুলিশকে সব ঘটনা খুলে বলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে পুলিশ শ্মশানঘাটের পার্শ্ববর্তী জঙ্গল থেকে রনির লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের স্থান সাঁথিয়া থানায় হওয়ায় আতাইকুলা থানা-পুলিশ রনির লাশ ও গ্রেপ্তার দুজনকে সাঁথিয়া থানায় হস্তান্তর করেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, ‘এ ঘটনায় রনির মা বাদী হয়ে আসাদুল ও আশরাফুলকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামি দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। রনির লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’