মোরশেদ খান ও তাঁর ছেলেকে দুদকের জিজ্ঞাসাবাদ
অর্থ পাচার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশনে মোরশেদ খান ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নাল আবেদিন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদ শেষে মোরশেদ খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘কেবল আইনের প্রতি সম্মান দেখাতেই এখানে এসেছি।’ অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আমার বক্তব্য দুদককে বলেছি। দুদক এখন সেটা খতিয়ে দেখবে।’
বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে দুদক হয়রানিমূলক মামলা করছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আপনারা (সাংবাদিক) জাস্টিফাই (বিবেচনা) করে দেখুন।’
পরে সাংবাদিকেরা তাঁকে আরও প্রশ্ন করেন। তবে তিনি আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গাড়িতে উঠে যান।
গত বছরের ৩১ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় দুদক এম মোরশেদ খান, তাঁর স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মোরশেদ খান তাঁর প্রতিষ্ঠান ফারইস্ট টেলিকম লিমিটেডের মাধ্যমে মোট ১১টি ব্যাংক হিসাব ব্যবহার করে ৩২১ কোটি সাত লাখ ৫৩ হাজার ৩৫৯ টাকা দেশের বাইরে পাচার করেছেন।