মোরেলগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে হামিদ দুররানী (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ জামিরতলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হামিদ দুররানী নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণ জামিরতলা জিএইচ নুরুল ইসলাম দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার এ হত্যাকাণ্ডের জন্য হামিদ দুররানীর সাবেক জামাতা আবু জাফর হাওলাদারকে অভিযুক্ত করেছেন। আবু জাফর হাওলাদার পাশের জিউধরা ইউনিয়নের জিউধরা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। ঘটনার পর তিনি গা ঢাকা দিয়েছেন। পূর্ববিরোধের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহত ব্যক্তির ছেলে লিটন দুররানী বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি ও তাঁর বাবা ফুলহাতা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ জামিরতলা গ্রামের ওই মাদ্রাসার কাছে এলে তাঁর সাবেক ভগ্নিপতি আবু জাফর হাওলাদার দুই সহযোগীকে নিয়ে আকস্মিকভাবে বাবার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তাঁরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যান। পরে এলাকার লোকজনের সহযোগিতায় বাবাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, পূর্ববিরোধের জের ধরে হামিদকে হত্যা করা হতে পারে। আবু জাফরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, হামিদ দুররানীর মেয়ে শারমিন আক্তারের সঙ্গে হাওলাদারের বিয়ে হয়েছিল। তাঁদের দুটি সন্তান আছে। পরবর্তী সময়ে শারীরিক নির্যাতন ও পারিবারিক কলহের জের ধরে প্রায় সাত মাস আগে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এ বিষয়ে আদালতে একটি মামলা চলছে। এ ঘটনাকে নিয়ে আবু জাফরের সঙ্গে তাঁর সাবেক শ্বশুর হামিদ দুররানীর বিরোধ থাকতে পারে।