মোল্লাহাটে মন্দিরের প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ
বাগেরহাটের মোল্লাহাটে সর্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাঠাজোড়া গ্রামের বিশ্বাসবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে ওই ঘটনা ঘটে।
বিশ্বাসবাড়ি সর্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমৃত বিশ্বাস বলেন, ভোর রাতে দুর্গা মন্দিরে দুর্বৃত্তরা ঢুকে পাঁচটি প্রতিমা ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে মন্দিরে ধোঁয়া দেখতে পেয়ে তাঁরা সেখানে এসে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে প্রতিমাগুলো পুড়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি আরও বলেন, কয়েক যুগ আগে তাঁরা পৈতৃক সম্পত্তিতে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। সম্প্রতি শহরের বাসাবাটি এলাকার দুই ব্যক্তি নিজেদের আত্মীয় দাবি করে মন্দিরের ২০ শতক জমির জাল কাগজ তৈরি করে চিতলমারী উপজেলার এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেন।
মোল্লাহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম বলেন, ওই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।