মোস্তাফিজুরের অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত আহমদিয়া সম্প্রদায়ের মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের (২৮) অবস্থা আশঙ্কাজনক। গত সোমবার রাতে ঈশ্বরগঞ্জের সরিষা এলাকায় মসজিদে তিনি হামলার শিকার হন। গুরুতর অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক আবদুল আহাদ (হামলাকারীদের একজন) পুলিশের কাছে দাবি করেছেন, তিনিসহ মোট তিনজন নিজ উদ্যোগে হামলা চালিয়েছেন। তাঁদের কোনো সংগঠন নেই।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহমদিয়া সম্প্রদায়কে প্রতিপক্ষ মনে করে এমন একটি গোষ্ঠী এ হামলায় জড়িত থাকতে পারে। ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে গতকাল পৃথক বিবৃতিতে এই হামলার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে আহমদিয়া মুসলিম জামা’ত, বাংলাদেশ; আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।
আহমদিয়া মুসলিম জামা’তের বিবৃতিতে বলা হয়, তারা মনে করে, বিভিন্ন সময়ে যারা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে এবং হুমকি দিয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। আক্রমণের ধরন ইতোপূর্বে ব্লগারদের ওপর পরিচালিত আক্রমণের সঙ্গে মিল পাওয়া যায়।
আহমদিয়া সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে ভিডিওতে সোমবারের হামলায় আহত মোস্তাফিজুর রহমান ঘটনার বর্ণনা দিয়েছেন। মোস্তাফিজুর বলেন, সোমবার তিনি রোজা ছিলেন। ইফতারের পর ঘরে রান্না করছিলেন। তিনজন ‘মোল্লা’ এসে তাঁকে ডাক দিলে তিনি ঘর থেকে বের হয়ে মসজিদের বাতি জ্বালাতে যান। সুইচে টিপ দেওয়ার সময় পেছন থেকে একজন তাঁর মাথায় বাড়ি দেয়। তিনি বলেন, ‘আমি চিল্লানি দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছি। মোল্লা আমার পেছনে মারতে মারতে গেছে। আমি পড়ে গেছি, আবার কোপ মারছে, আবার দৌড় মারছি, ঘরের মধ্যে গিয়ে পড়ে গেছি।’
প্রায় ২০ বছর আগে ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে আহমদিয়া জামে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। এই মসজিদে প্রায় দুই বছর থেকে ইমামতি করতেন মোস্তাফিজুর রহমান। গ্রামের পাঁচ-ছয়টি পরিবার এই সম্প্রদায়ের অনুসারী। ধর্ম পালন নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন এলাকার কয়েকজন বাসিন্দা।
হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, এশার নামাজের সময় মসজিদের ভেতর থেকে তিনি চিৎকার শুনতে পান। পরে বাড়ি থেকে বের হয়ে রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজুরকে দৌড়াতে দেখেন। কয়েকজন লোক ধারালো অস্ত্র হাতে দৌড়াচ্ছিল। একপর্যায়ে মোস্তাফিজুর স্থানীয় এক বাসিন্দার ঘরে ঢুকে খাটের নিচে আশ্রয় নেন। তাঁর পেছনে ছিলেন একজন হামলাকারী (পরে আহত অবস্থায় আটক আহাদ)। এ সময় চারপাশ অন্ধকার ছিল। অন্য হামলাকারীরা আহাদকে মোস্তাফিজুর মনে করে পেছন থেকে কোপ দেয়। পরে তিনজন নারী মিলে আহাদকে রশি দিয়ে বেঁধে ফেলেন। পরে পুলিশ এসে আহত অবস্থায় দুজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আহাদের বরাত দিয়ে গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আহাদ হামলার দায় স্বীকার করে বলেছেন, তিনি আহমদিয়া সম্প্রদায়কে শত্রু মনে করেন। তাঁর কোনো সংগঠন নেই।
আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, আহাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চারিয়া গ্রামে। তাঁর পুরো নাম আবদুল আহাদ মোহাম্মদ মাহমুদুল্লা। স্থানীয়ভাবে তিনি মাহমুদুল্লা নামে পরিচিত। ময়মনসিংহের একটি মাদ্রাসায় তিনি পড়ালেখা করেছেন।
নেত্রকোনা পুলিশ জানায়, সোমবার রাত আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আহাদের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ আহাদের স্ত্রী জোসনা আক্তার, দুই ভাই নিজাম উদ্দিন ও মাইন উদ্দিনকে আটক করে ময়মনসিংহের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। নিজাম ও মাইন উদ্দিন চারিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক।
মোস্তাফিজুরের অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল ভোরে ময়মনসিংহ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক জেসমিন নাহার প্রথম আলোকে বলেন, আহাদের অস্ত্রোপচার হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন।
হাসপাতালে মোস্তাফিজুরের স্ত্রীর বড় ভাই সালমান আহমেদ প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুরের বাড়ি দিনাজপুর জেলার কাহারোলের ডোহান্ডা গ্রামে। মসজিদের পাশের একটি টিনের ঘরে তাঁর বোন ও মোস্তাফিজুর থাকেন। মাস খানেক আগে তাঁর বোন গ্রামের বাড়ি চলে গেছেন।
আহমদিয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের প্রচার বিভাগের প্রধান আবদুল আউয়াল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন থেকে মসজিদ ও গ্রামে বাইরে থেকে আসা লোকজন আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অপবাদ দিয়ে ধর্মীয় উসকানি দিচ্ছিল। গত ১২ মার্চ ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে চার-পাঁচজন গিয়ে ওই এলাকার লোকজনকে উসকানোর চেষ্টা করে।
গতকাল বেলা ১১টার দিকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী মো. আবদুল্লাহ আল মামুন, সৈয়দ নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে মসজিদের সামনে ডিআইজি সাংবাদিকদের বলেন, ‘হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তাই ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে আমরা মনে করছি। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’