মোহনগঞ্জ থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি গ্রাম থেকে এক ছাত্রীকে (১৭) অপহরণের দেড় মাস পর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম শহরের সাংবাদিক পাহাড় এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ হানিফ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মামলার সূত্রে জানা যায়, ওই ছাত্রী এ বছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ১৩ মে মোহনগঞ্জ উপজেলার নিজ বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করেন নেত্রকোনা সদর উপজেলার ছোট গাড়া গ্রামের হানিফ মিয়া। ওই রাতেই ছাত্রীটির বাবা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। গত মঙ্গলবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে চট্টগ্রামের বায়েজিদ থানা-পুলিশের সহায়তায় মোহনগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন চট্টগ্রাম শহরের সাংবাদিক পাহাড় এলাকা থেকে ছাত্রীটিকে উদ্ধার ও হানিফকে গ্রেপ্তার করেন।
মোহনগঞ্জ থানার ওসি জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, গতকাল দুপুরে ওই ছাত্রীকে জবানবন্দি দিতে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া হানিফ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।