মোহনগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বড়তলী বানিয়াহারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গত শুক্রবার কয়েক দফায় এই ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মোহনগঞ্জের স্থানীয় সাংসদ রেবেকা মোমিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল-সমর্থিত পক্ষের মধ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় সাংসদ রেবেকা মোমিন-সমর্থিত নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করেন। পরদিন শুক্রবার আওয়ামী লীগের নেতা শহীদ ইকবাল-সমর্থিত নেতা-কর্মীরা একই ওয়ার্ড আওয়ামী লীগের আরেকটি কমিটি করেন। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে বড়তলী আখড়ার সামনে সাংসদ-সমর্থিত কয়েকজন নেতা-কর্মী শহীদ ইকবাল-সমর্থিত ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জীবন দত্তকে (৪৫) একা পেয়ে মারধর করেন। সন্ধ্যায় সাংসদ-সমর্থিত হীরা মিয়া নামের যুবলীগের এক কর্মীকে আবার পৌর শহরের বসুন্ধরা মার্কেটের সামনে পেয়ে মারধর করেন শহীদ ইকবালের লোকজন।
এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মোহনগঞ্জ বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং পাঁচ থেকে ছয়টি দোকান ও দুটি অতিথিশালা ভাঙচুরের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। পরে পুলিশ ৩৫টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই চারজনকে আটক করা হয়েছে।