নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে শিশুসহ তিনজন আহত হয়। তাদের মধ্যে বাদল বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নিধিপুর গ্রামে। গতকাল মঙ্গলবার দুপুরে প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। এদিকে বিকেলে কুমিল্লায় মিনুয়ারা বেগম (৫০) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। অভিযোগ পাওয়া গেছে, মাদকের টাকা না পেয়ে তাঁর ছেলে তাঁকে কুপিয়ে হত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মের উত্তরপাশের এক কোণে শরীফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি ঘুমিয়ে ছিলেন। বেলা দুইটার দিকে তিনি ঘুম থেকে ওঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এতে ট্রেনের যাত্রী বাদল (৫৫), পথচারী মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া এলাকার মামুন মিয়ার ছেলে ইমন মিয়া (৫) ও অনিক মিয়া (১৮) আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা আড়াইটার দিকে বাদল মারা যান। পুলিশ শরীফকে আটক করে।
মোহনগঞ্জ থানার এসআই খাইরুল ইসলাম বলেন, শরীফের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর দোহাপাড়া গ্রামে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। এ ছাড়া আবেদনের পরিপ্রেক্ষিতে বাদলের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীফকে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে সোপর্দ করা হয়।
মোহনগঞ্জ জিআরপি ফাঁড়ির এসআই হাসান মজনু বলেন, শরীফকে ময়মনসিংহ জিআরপি থানা-পুলিশের কাছে পাঠানো হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামের মিনুয়ারাকে তাঁর ছেলে জাকির হোসেন (২৮) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মিনুয়ারার তিনজন প্রতিবেশী বলেন, জাকির মাদকাসক্ত। দুপুরে তিনি নেশার জন্য মায়ের কাছে টাকা চান। টাকা না পেয়ে দা দিয়ে তাঁর মাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মিনুয়ারার মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।