মোহনগঞ্জে যুবক হত্যা, কুলাউড়ায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় গতকাল রোববার এক যুবককে প্রতিপক্ষ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শৌচাগার থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই ব্যক্তি হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার উলুকান্দি গ্রামের ঝুটন বণিক (৩২) এবং কুলাউড়া উপজেলার নাসিরাবাদ গ্রামের মৃত ছিদ্দিক আলীর মেয়ে রুজিনা বেগম (১৬)।
ধরমপাশা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার নিহার রঞ্জন নামের এক ব্যক্তির বাসায় ঝুটন বণিক ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের জগবন্ধু বর্মন পরিবার নিয়ে ভাড়াটে হিসেবে বসবাস করে আসছেন। বাসার সামনের খালি জায়গায় রশি টানিয়ে কাপড় শুকানোকে কেন্দ্র করে ওই দুই পরিবারের মধ্যে গত শনিবার বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে গতকাল সকাল সাতটার দিকে জগবন্ধু, তাঁর দুই ছেলে বিজয় বর্মন, অজয় বর্মনসহ কয়েকজন শুকনা লাকড়ি দিয়ে ঝুটন বণিক (৩২) ও তাঁর স্ত্রী জয়া বণিককে (২৬) পেটান। পরে গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে স্থানীয় ব্যক্তিরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঝুটন মারা যান। এই ঘটনায় পুলিশ ওই দিন বেলা দুইটার দিকে জগবন্ধু বর্মনের স্ত্রী ও তাঁর দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।
কুলাউড়া থানার পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রুজিনা তার বাবার বাড়িতে মা আরিছুন বেগম ও বড় দুই ভাইয়ের সঙ্গে থাকত। তার দুই ভাই মৌলভীবাজার জজ আদালতে চাকরি করেন। গতকাল সকালেই তাঁরা কর্মস্থলে চলে যান। বেলা আড়াইটার দিকে আরিছুন বাড়ির পাশের পাহাড়ি ছড়ায় কাপড়চোপড় ধুতে যান। সেখান থেকে ফিরে ডাকাডাকি করে রুজিনার সাড়াশব্দ পাননি। খোঁজাখুঁজির একপর্যায়ে শৌচাগারের দরজা খুলে ভেতরের ছাদের কাঠের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার (রুজিনা) লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুজিনার লাশ উদ্ধার করে। কুলাউড়া থানার উপপরিদর্শক আবুল বাশার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় কিশোরীর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।