মোহনগঞ্জে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি ও হেরোইন সঙ্গে রাখার দায়ে মনোয়ার হোসেন ওরফে ময়না (২৫) নামের এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনির হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ সরকার বলেন, আজ বেলা আড়াইটার দিকে মনোয়ার উপজেলার পৌর শহরের টেংগাপাড়া এলাকার সৈয়দবাড়ী মোড়ে মদ পান করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে পাঁচ প্যাকেট হেরোইন পাওয়া যায়। বিকেল চারটার দিকে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মনোয়ারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে মনোয়ারকে কারাগারে পাঠানো হয়।