মোহনগঞ্জে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকাসক্ত স্বামী রাসেল মিয়ার (৩৬) ধারালো কুড়ালের আঘাতে স্ত্রী বিউটি বেগমের (২৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বানিয়াজুড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে বানিয়াজুড়া গ্রামের জবেদ আলীর ছেলে রাসেল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের কাশীপুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। রাসেল মিয়া মাদকাসক্ত ছিলেন। এ জন্য প্রায়ই তিনি স্ত্রী বিউটি বেগমকে মারধর করতেন। আজ বেলা পৌনে ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী রাসেল মিয়া উত্তেজিত হয়ে স্ত্রী বিউটি বেগমের মাথায় ধারালো কুড়াল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মোহনগঞ্জ থানার পুলিশ দুপুর ১২টার দিকে বানিয়াজুড়া গ্রামের নিজ বাড়ি থেকে রাসেলকে আটক ও নিহত নারীর লাশ উদ্ধার করে। বেলা আড়াইটার দিকে ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে, রাসেল মিয়ার বসতঘরের ভেতরে বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা গেছে। তাঁদের বায়েজীদ নামের আড়াই বছরের ও আয়তুন নামের দেড় বছরের দুটি ছেলেসন্তান রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল মোতালেব বলেন, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রাসেল মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয়েছে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।