মোহনপুরে ইয়াবাসহ অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুরে ইয়াবা বড়িসহ গতকাল সোমবার একটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম শামসুজ্জোহা (৪০)। তিনি উপজেলার মৌগাছি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর বাড়ি উপজেলার খাঁড়ইল গ্রামে।
এ ঘটনায় তিনজনকে আসামি করে মোহনপুর থানায় মামলা করা হয়েছে। এতে অধ্যক্ষকে প্রধান আসামি করা হয়েছে। অন্য আসামিরা হচ্ছেন বাকশিমইল গ্রামের আফছার আলীর ছেলে হাবিবুর রহমান (৩২) ও তাঁর স্ত্রী রোখসানা বেগম (২৮)।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে হাবিবুর রহমানের বাসায় পুলিশ অভিযান চালায়। সেখান থেকে অধ্যক্ষ শামসুজ্জোহাকে গ্রেপ্তার করা হয়। তাঁর পকেট থেকে ৪টি এবং হাবিবুরের ঘর থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তদন্তে জানা গেছে, হাবিবুর রহমান ও শামসুজ্জোহা দীর্ঘদিন ধরে এই এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন। অধ্যক্ষকে গ্রেপ্তারের সময় হাবিবুর ও তাঁর স্ত্রী পালিয়ে যান। তাঁদের মামলায় আসামি করা হয়েছে। মঙ্গলবার (আজ) অধ্যক্ষকে আদালতে সোপর্দ করা হবে। মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।