মোহনপুরে চাল তুলেই বিক্রির অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকায় সচ্ছল ব্যক্তিদের মধ্যে ভিজিএফের চাল বিতরণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার তাঁরা চাল তুলেই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
কেশরহাট পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল উপজেলার কেশরহাট পৌর এলাকার প্রায় তিন হাজার মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুধু দুস্থ ব্যক্তিদের মধ্যে এই চাল বিতরণের কথা থাকলেও সচ্ছল ব্যক্তিরাও এ চাল পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অবস্থাসম্পন্ন লোকজন চাল তুলেই সঙ্গে সঙ্গে বিক্রি করে দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্যবসায়ীরা ভ্যান নিয়ে এসে পৌরসভা চত্বর থেকেই এই চাল কিনে নিয়ে গেছেন। পৌর ভবনের সামনে ভ্যানে চালের বস্তা সাজানোর সময় ছবি তোলা হলে মেয়র বিষয়টি টের পেয়ে ব্যবসায়ীদের সেখান থেকে বের করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চাল কিনে নেওয়া একজন ব্যবসায়ী বলেন, তাঁরা ২০ কেজি চাল ২৭০ টাকায় কিনেছেন।
কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান গতকাল বিকেলে বলেন, তিন হাজার মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে কেউ যদি চাল বিক্রি করে থাকে, তাহলে তাঁর কী করার আছে? তবে তিনি দাবি করেন, কোনো লোকই পৌর চত্বরে চাল বিক্রি করেনি।