মোহাম্মদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আজ বুধবার এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রানী বেগম (২০)। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, রানীকে পুড়িয়ে হত্যা করেছে তাঁর স্বামী সাহেব আলী। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।
রানীর ভাই জনি বলেন, এক বছর আগে সাব্বির নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। এর কয়েক মাস পর তাঁর সঙ্গে রানীর ছাড়াছাড়ি হয়। পরে সিএনজিচালিত অটোরিকশা চালক সাহেব আলীর সঙ্গে তাঁর বোনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকেরা রানীকে নির্যাতন করে আসছিলেন। আজ দুপুরে মোহাম্মদপুর বি ব্লকের জেনেভা ক্যাম্পের বাসায় রানীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দরজা বন্ধ করে সাহেব আলী পালিয়ে যান বলে তাঁরা শুনতে পেয়েছেন। খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় রানীর লাশ উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, রানীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী সাহেব আলীকে আটক করা হয়েছে।