রাজধানীতে নারীসহ জেএমবির দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরা এলাকা থেকে জেএমবির দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এঁরা হলেন ফাতেমা আক্তার রুমা (২০) ও মো. জাইদুল হক জিহান (২৪)।

গতকাল সোমবার মোহাম্মদপুরের একটি বাসা থেকে রুমাকে এবং উত্তরা থেকে জিহানকে গ্রেপ্তার করে র‍্যাব-৩-এর একটি দল। আটক দুজন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য। রুমা ইডেন কলেজের ও জিহান ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ।

কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ২০১৬ সালের অক্টোবরে গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে নিহত জঙ্গিদের সঙ্গে রুমা ও জিহানের সম্পর্ক ছিল। ওই অভিযানে পাওয়া তথ্য থেকে রুমাকে নজরদারিতে রাখা হয়। এরপর গতকাল রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

জঙ্গি কর্মকাণ্ডে মাঠপর্যায়ে কর্মী সংগ্রহ, তাঁদের উদ্বুদ্ধ করা ও জিহানের সঙ্গে অ্যাপসের মাধ্যমে জঙ্গিবিষয়ক নিবন্ধ আদান-প্রদান করতেন রুমা। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে জিহানকে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আটক করা হয় বলে জানান র‍্যাব-৩-এর অধিনায়ক।
লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, জিহানের সঙ্গে তামিমের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল একসময়। তিনি বিভিন্ন ভাষায় প্রকাশিত জঙ্গিবিষয়ক নিবন্ধ বাংলায় অনুবাদ করে তা অ্যাপসের মাধ্যমে শেয়ার করতেন।