মোহাম্মদপুরে মাদ্রাসায় জ্যেষ্ঠ-কনিষ্ঠ সংঘর্ষে ছাত্র নিহত

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসায় নবম ও দশম শ্রেণির ছাত্রদের মধ্যে সংঘর্ষে এক ছাত্র নিহত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, একটি শৌচাগার থেকে আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ ছাত্র আহত হয়। রোববার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত মো. মোফাজ্জল হোসেন ওই মাদ্রাসার দশম শ্রেণির আবাসিক ছাত্র ছিল। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের পূর্ব পুটিয়ার পাড়ে। সে ওই মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
এ ঘটনায় আহত ছাত্ররা হলো নবম শ্রেণির তানভীর আহমেদ, আরিফ হোসেন, এমদাদ হোসেন ও আফজাল ফয়সাল এবং দশম শ্রেণির আজিজুল হক। তবে তাদের কারও আঘাত গুরুতরও নয় বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার পর থেকে মাদ্রাসার নবম শ্রেণির সব ছাত্র পলাতক। গতকাল দুপুরে মাদ্রাসায় গিয়ে ওই শ্রেণির ৪০ জন ছাত্রের কাউকে পাওয়া যায়নি। দশম শ্রেণির ছাত্রদের অভিযোগ, নবম শ্রেণির ছাত্রদের মারধরে মোফাজ্জল নিহত হয়েছে।
মোফাজ্জলের সুরতহাল প্রতিবেদনে তার মাথার বিভিন্ন জায়গায় ফোলা ফোলা, বাঁ চোখে কালো ফোলা জখম, বাঁ ভ্রুতে জখমের দাগ, ডান চোখের ভ্রুর ওপরে ও পাশে জখমের দাগের কথা উল্লেখ করা হয়েছে। তার ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ বলেছেন, মাথায় আঘাতে তার মৃত্যু হয়েছে।
মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় নবম শ্রেণির ছাত্র এমদাদ ও তুহিন দশম শ্রেণির ছাত্রদের নামাজ পড়তে ডাকে। মূলত তা নিয়েই দুই শ্রেণির ছাত্রদের মধ্যে দ্বন্দ্ব হয়।
দশম শ্রেণির এক ছাত্র বলে, ‘বড় ভাইরা নামাজ পড়ে না’ নবম শ্রেণির ছাত্রদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হোস্টেল সুপার মিজানুর রহমান দশম শ্রেণির আবাসিক ছাত্র সাকিবের আবাসিকত্ব কেড়ে নেন। ওই দিন রাতেই দশম শ্রেণির আরেক ছাত্র তবারকের সঙ্গে নবম শ্রেণির ছাত্রদের বাগ্বিতণ্ডা হয়। পরে হোস্টেল সুপার ও হাউস টিউটর এসে মীমাংসা করে দেন।
এক ছাত্র জানায়, মীমাংসা হওয়ার পরও রোববার রাত সাড়ে নয়টার দিকে সবাই যখন খেতে যায়, তখন নবম শ্রেণির ছাত্র তুহিন ও এমদাদ দশম শ্রেণির ছাত্রদের দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর দশম শ্রেণির ছাত্ররা যখন খেয়ে বের হয় তখন তুহিন, এমদাদ, হিমেল, সাইদ উদ্দিনসহ আরও অনেকে রড, ব্যায়াম করার ‘ডাম্বেল’ ও কাঠের টুকরো নিয়ে তাদের ধাওয়া দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় দশম শ্রেণির মোফাজ্জল ও আজিজুলকে মারধর করে নবম শ্রেণির ছাত্ররা।
দশম শ্রেণির ক্যাপ্টেন মাসুম বিল্লাহ বলে, মারামারির পর প্রিন্সিপালসহ অন্য শিক্ষকেরা আসেন। তাঁরা রাত ১২টার দিকে দশম শ্রেণির ছাত্রদের ষষ্ঠ তলায় পাঠিয়ে তালাবদ্ধ করে রাখেন। আর নবম শ্রেণির ছাত্রদের দ্বিতীয় তলায় তাদের কক্ষে রাখেন। মাসুম বিল্লাহ বলে, ষষ্ঠ তলায় আসার পর তারা দেখে মোফাজ্জল নেই। তখন তারা মুঠোফোনে বিষয়টি হাউস টিউটর ওসমান ও শফিউলকে জানায়। এরপর তারা আর কিছু জানে না। ভোরে তাদের জানানো হয়, হাসপাতালে মোফাজ্জলের মৃত্যু হয়েছে।
মাসুম বিল্লাহ বলে, ২১৭ নম্বর কক্ষের সামনে মোফাজ্জলকে মারধর করা হয়েছিল। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ২১০ নম্বর কক্ষে থাকা একজন কাঠমিস্ত্রি তার মাথায় পানি দেন বলে তারা জানতে পেরেছে। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে তার দেহ শৌচাগারে পাওয়া গেছে, যা তারা কিছুতেই মেলাতে পারছে না। তার অভিযোগ, ঘটনার পর হোস্টেল সুপার নবম শ্রেণির সব ছাত্রকে মাদ্রাসার বাইরে পালিয়ে যেতে সহায়তা করেছেন।
জানতে চাইলে হোস্টেল সুপার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, মোফাজ্জলকে পাওয়া যাচ্ছে না, এমন সংবাদ পাওয়ার পর তিনি তাকে বিভিন্ন কক্ষে খোঁজেন। না পেয়ে একপর্যায়ে দ্বিতীয় তলার শৌচাগারে যান। সেখানে একটি শৌচাগার ভেতর থেকে বন্ধ দেখে তিনি বাইরে থেকে নক করতে থাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে শৌচাগারের দরজার ওপর দিক থেকে উঁকি দিয়ে দেখেন ভেতরে মোফাজ্জলকে অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর কয়েকজন ছাত্রকে তিনি ডেকে আনেন। তাদের সহায়তায় তাকে বের করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ‘আমরা অনুমান করছি এটি হত্যাকাণ্ড। নবম শ্রেণির ছাত্রদের মারধরেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নও আছে।’
হাসপাতালে মোফাজ্জলের বাবা আবুল কাশেম বলেন, রোববার রাত নয়টার দিকে মোফাজ্জলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। এ সময় সে জানিয়েছিল, তার নাশতা খাওয়ার টাকা শেষ হয়ে গেছে।