আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. তছিরউদ্দীন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো মামলা হয়নি।
তছিরউদ্দীনের বড় ভাই মো. নাছির প্রথম আলোকে বলেন, তাঁর আশঙ্কা, স্থানীয় যুবলীগের নেতা জাকির ও তাঁর বাহিনীর হাতে তছিরউদ্দীন খুন হয়েছেন। জাকির যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি প্রায়ই তছিরউদ্দীনকে মিছিল-মিটিংয়ে লোক পাঠাতে বলতেন। কিন্তু তছিরউদ্দীন তাঁর সঙ্গ এড়িয়ে চলছিলেন। এসব নিয়ে জাকির ও তাঁর বাহিনী তছিরউদ্দীনের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। বুধবার রাতে তছিরউদ্দীন বাসায় ছিলেন। রাত ২টার দিকে বাসার ভেতর থেকে ডেকে এনে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
মোহাম্মদপুর থানার পুলিশ জাকিরকে খুঁজছে। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে জানতে মোহাম্মদপুর যুবলীগের আহ্বায়ক ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাত ১২টার দিকে প্রথমে জাকিরের কেব্ল টিভি অফিস, সেলুন ও হোটেলে একদল উঠতি বয়সী কিশোর হামলা চালায়। পরে জাকিরের সঙ্গে থাকা লোকজনও তাদের ওপর হামলা চালাতে পারে। এর মধ্যেই গতকাল ‘কোপাকুপি’র ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।
ওয়ার্ড কাউন্সিলর আরও বলেন, উঠতি বয়সের কিশোরেরা প্রতি সন্ধ্যায় বের হয় এবং স্থানীয় বাসিন্দাদের উত্ত্যক্ত করে। বিষয়টি সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসন অবহিত আছে। পুলিশ সদস্যরা নিয়মিত এলাকায় টহল দেওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণেই ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় উজ্জ্বল নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তছিরউদ্দীনের খুনের ঘটনাটি তদন্ত করছেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক নয়ন মিয়া। তিনি বলেন, পাল্টাপাল্টি আক্রমণের জেরে তছির খুন হন। নানা বিষয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জাকিরের অনুসারীদের কয়েকজন তছিরউদ্দীনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় বলে তাঁরা অভিযোগ পেয়েছেন। রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকেরা তছিরউদ্দীনকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় উজ্জ্বল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল চিকিৎসাধীন ছিলেন।