মোহাম্মদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গণপূর্ত অধিদপ্তরের পরিকল্পনায় থাকা ৬০ ফুট চওড়া একটি সড়কের প্রায় ৪০০ ফুট অংশে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এ সময় মোহাম্মদপুরের জান্নাতবাগ, বিজলি মহল্লা, জহুরি মহল্লা ও শ্যামলী রিং রোডের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান চলে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, সড়কটি গণপূর্তের মহাপরিকল্পনায় রয়েছে। প্রস্থে ৬০ ফুট এ সড়কটি বাদশাহ ফয়সাল স্কুল পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে মাঝামাঝি অংশে জলাশয় ও নিচু জায়গা থাকায় এ সড়কের কাজ এত দিন করা হয়নি। এই সুযোগে সড়কের জায়গার ওপর এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। তবে একটি মেগা প্রজেক্টের আওতায় ডিএনসিসি এই সড়কের নির্মাণ শেষ করতে উদ্যোগী হওয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি। অভিযানের সময় দুপুরের দিকে স্থানীয়রা উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জরিমানা: এ সময় ডিএনসিসির এই ভ্রাম্যমাণ আদালত সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়াও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সড়কের ওপর মালামাল রাখায় সিটি করপোরেশন আইনে একজন স্যানিটারি সামগ্রী বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।