মৌলভীবাজার ও নেত্রকোনায় দুই ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় গত বৃহস্পতিবার জিলা মিয়া (৩৭) নামের এক ব্যক্তি এবং নেত্রকোনার পূর্বধলায় আবদুল হামিদ (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া জামালপুরের বকশীগঞ্জে গতকাল শুক্রবার সৈয়দ জামান (৭৫) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামের মনু নদের তীরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একটি চায়ের দোকানে টাকার লেনদেন নিয়ে সায়মন মিয়া (২৫) ও জিলা মিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সায়মন দা দিয়ে জিলা মিয়াকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই জিলা নিহত হন। খবর পেয়ে পুলিশ গতকাল সকালে উপজেলার বর্ষিজুরা এলাকা থেকে সায়মনকে গ্রেপ্তার করে। জিলা গুজারাই গ্রামের নানু মিয়ার ছেলে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক জানান, তাঁরা দুজনই রাজমিস্ত্রির কাজ করতেন। টাকা নিয়ে বিরোধে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সায়মনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের নুরানি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের পোস্টারে নাম বাদ পড়া নিয়ে ওই গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলী আহম্মদের সঙ্গে আবদুল হামিদের বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হামিদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
থানার ওসি মো. মুশফিকুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জামালপুর: বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের সেকেরচর গ্রামের সৈয়দ জামান গত বৃহস্পতিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে কক্ষে তাঁর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
থানার ওসি মো. মোস্তাছিনুর রহমান জানান, স্থানীয়ভাবে জানা গেছে, সৈয়দ জামান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।