মৌলভীবাজার ও সরাইলে দুপক্ষের সংঘর্ষে আহত ৩৫
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের সাতপাক এলাকায় গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার সদর থানার পুলিশ জানায়, জাহাঙ্গীর মিয়া ও আজাদ মিয়া নামে দুজনের মধ্যে সাধারণ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সাতপাক এলাকায় দুজনের দুটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষে অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় একপক্ষের কাদির মিয়া নামের একজন বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ মিজান মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৪৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালেক প্রথম আলোকে বলেন, একপক্ষ থেকে মামলা হয়েছে। অন্যপক্ষও মামলা করার কথা জানিয়েছে।
সরাইল থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ গ্রামের আব্বর আলীর বাড়ির দুধ মিয়ার ছেলে রোবেল মিয়া (১২) কয়েকজন কিশোরকে নিয়ে গ্রামের একটি এজমালি পুকুরে মাছ ধরতে যায়। একই গ্রামের নজুর বাড়ির আবদুর রহমান (৩০) রোবেল মিয়াকে ইট দিয়ে আঘাত করেন। এতে রোবেল মিয়া আহত হয়। ঘটনার পর রোবেলের বড় ভাই সোহেল মিয়া (২৫) ও আবদুর রহমানের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সোহেল মিয়া ওই পুকুরপাড়ে বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় আবদুর রহমান তাঁর পক্ষের ফিরোজ মিয়া (৩০) ও সাদ্দাম হোসেনকে (২৫) সঙ্গে নিয়ে সোহেলের ওপর হামলা চালান। এতে সোহেল মিয়া আহত হন। এর জের ধরে বুধবার সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।