মৌলভীবাজারে অতিরিক্ত জেলা প্রশাসকের ফ্ল্যাটে ডাকাতি
মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) ভাড়া বাসার ফ্ল্যাটে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বাড়ির মালিকের ফ্ল্যাটেও ডাকাতি করেছে। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা ওই দুই ফ্ল্যাট থেকে টাকা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ ৩৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার থেকে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকার ট্রাভেলস ব্যবসায়ী গোলাম মাওলার বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। গত সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে ৮-১০ জন মুখোশধারী ডাকাত তাঁর ফ্ল্যাটের পূর্ব দিকের গ্রিল কেটে ঢোকে। এরপর তারা ঘরে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোনের সেট নিয়ে যায়। যাওয়ার সময় আবারও আসবে বলে হুমকি দিয়ে গেছে।
ভবনটির নিচতলায় থাকেন ভবনের মালিক গোলাম মাওলা। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। গোলাম মাওলার মেয়ের জামাই মো. আবদুল আউয়াল গতকাল বলেন, বাসায় কেউ ছিলেন না। ডাকাতেরা বাসার বিভিন্ন স্থানে রাখা প্রায় ৫ হাজার পাউন্ড, ৩ হাজার মার্কিন ডলার ও ২ হাজার ৬০০ সৌদি রিয়াল নিয়ে গেছে।