মৌলভীবাজারে আদিবাসী তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক আদিবাসী তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গান্ধাই পুঞ্জি এলাকা থেকে মোনালিসা নংপ্রট নামের খাসিয়া সম্প্রদায়ের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গান্ধাই পুঞ্জির মৃত জন পতামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোনালিসা আজ সকাল আটটার দিকে পান সংগ্রহ করতে পানজুমে (পানের জমি) যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন পানজুমের ভেতরের একটি টিলার নিচে মোনালিসার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘নিহত মোনালিসার গলার বাঁ-পাশে ধারালো ছুরির আঘাত রয়েছে। ধর্ষণের চেষ্টায় বাধা দেওয়ায় অথবা ধর্ষণের পর হত্যা করে লাশ টিলার নিচে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নিহত তরুণীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। গান্ধাই পুঞ্জির মন্ত্রী (প্রধান) রাজেশ পঃস্না প্রথম আলোকে জানান, নিহত মোনালিসার স্বজনদের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হবে।