মৌলভীবাজারে কৃষি ব্যাংকে চুরি
কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখার ভল্ট ভেঙে ছয় লাখ ২৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে শহরের শমশেরনগর রোডে অবস্থিত কৃষি ব্যাংকের ভবনে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের তিনজন প্রহরীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে ব্যাংকের একজন নিরাপত্তা কর্মীর ফোনে চুরির খবর পেয়ে ওই শাখার ব্যবস্থাপক নাজমুল ইসলাম রাতেই ব্যাংকে যান। ব্যাংকের ভেতরে ঢুকে তিনি ব্যবস্থাপকের কক্ষের পেছনের দিকের জানালার গ্রিল কাটা ও ভল্টের তালা ভাঙা দেখতে পান। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নিরাপত্তা কর্মী মুজাহিদুল ইসলাম, শফিক মিয়া ও মনসুর আহমদকে রাতেই আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার শাখা কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল ইসলাম আজ বুধবার প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। চোর ভল্ট থেকে ছয় লাখ ২৬ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় দায়িত্বরত প্রহরী ব্যাংকে ছিলেন না। মামলার প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৌলভীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালেক প্রথম আলোকে বলেন, গ্রিল কাটার ধরন দেখে মনে হচ্ছে, চোর ব্যাংকের ভেতরেই ছিল। চুরি শেষে ভেতর থেকে গ্রিল কেটে বাইরে পালিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।