মৌলভীবাজারে গতকাল শনিবার গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাসাদ মিয়া (২৮) নামের এক তরুণ নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। একই দিনে নেত্রকোনার মসজিদের তহবিলের টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কাছুম আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।
মৌলভীবাজারে নিহত মাসাদ মিয়া শিমুলিয়া গ্রামের জমাত মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
জনপ্রতিনিধি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে শিমুলিয়া গ্রামের বকুল মিয়ার জমির কয়েকটি গাছ কে বা কারা কেটে ফেলে। গতকাল সকালে এই গাছ কাটা নিয়ে কাগাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোসাহিদ মিয়া এবং একই ওয়ার্ডের সাবেক সদস্য দেলোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষে ১৪ জন আহত হন। বকুল মিয়া দেলোয়ার হোসেনের সমর্থক।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে শিমুলিয়া গ্রামের আব্দুল আলী, শামীম মিয়া ও আকেদা বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে এবং সাধন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে শিমুলিয়া গ্রামের ছয়জনকে আটক করেছে। তাঁরা হলেন মো. ফারুক আহমদ, মো. জুবেল, জনি মিয়া, রুবেল মিয়া, ফয়সল মিয়া ও আলিম হোসেন।
কাগাবলা ইউপি চেয়ারম্যান মো. আজির উদ্দিন গতকাল প্রথমআলোকে বলেন, শুক্রবার হঠাৎ করে গাছ কাটা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। বকুল মিয়ার জমির ২০টির মতো গাছ রাতে কে বা কারা কাটে ফেলে। এই গাছ কাটা নিয়েই গতকাল মোসাহিদ মিয়া ও দেলোয়ার হোসেনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহম্মদ বলেন, গাছ কাটা নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নেত্রকোনার মদনে নিহত কাছুম আলী উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম ফতেপুর গ্রামের যাত্রাখালী জামে মসজিদের তহবিলে টাকার হিসাব নিয়ে বেশ কয়েক দিন ধরে মসজিদ কমিটির সদস্য রেনু মিয়া, হাবুল মুন্সি ও হিরণ মিয়ার সঙ্গে আইন উদ্দিন ও কাছুম আলীর দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে গতকাল বিকেল পাঁচটার দিকে মসজিদের পাশে একটি বাড়ির পেছনে রেনু মিয়া, হাবুল মুন্সি ও হিরণ মিয়ার সমর্থকেরা আইন উদ্দিন ও কাছুম আলীর ওপর হামলা চালান। এ সময় স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু কিছুক্ষণ পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কাছুম আলী ঘটনাস্থলেই মারা যান।
সংঘর্ষে গুরুতর আহত আইন উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং আশরাফুল আলী, শাহীন মিয়াকে পাশের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।