মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে নিহত ২, আহত ৪০

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত ৪০ জন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের পম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
নিহত দুজন হচ্ছেন খলিলপুর ইউনিয়নের পম্মদপুর গ্রামের শফিকুর রহমান (২২) ও লামুয়া গ্রামের আবদুল মালিক (৫৫)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পম্মদপুর গ্রামের লেবাস মিয়া ও এলাইছ মিয়ার পক্ষের মধ্যে অনেক দিন ধরে এলাকার বড় হাওরের খাসজমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকাল সাড়ে নয়টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষে উভয় পক্ষের দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন ৪০ জন। আহত ব্যক্তিরা মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পূর্ব লামুয়া গ্রামের সুহেল আহমদ (৩৫) ও লিয়াকত আলীকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, সাইদুল মিয়া (২৯), সেলিম মিয়াসহ (২৭) পাঁচজন মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন।
মৌলভীবাজারের হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পলাশ রায় প্রথম আলোকে বলেন, হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে সিলেট পাঠানো হয়েছে। পাঁচজনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ প্রথম আলোকে বলেন, ‘জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ। এ নিয়ে সালিস-বৈঠক হয়েছে। আগামী বুধবার বিরোধ মিটমাটের জন্য বৈঠক হওয়ার কথা ছিল। এর মধ্যে গতকাল (শুক্রবার) রাতেই আবার দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। রাতে আমরা মিটমাট করে দিই। কিন্তু আজ সকালেই আবার তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
এই ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ আজ প্রথম আলোকে বলেন, ‘দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থলে আছি। ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো মামলা হয়নি।’