মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুরা ইকোপার্কের গোমড়া এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আত্মরক্ষায় বনকর্মীরা চারটি ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুজনকে আটক করেছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষিজুরা ইকোপার্কের সংরক্ষিত বনের ৩০৮ নম্বর দাগের জায়গায় সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই করতে এক সভা চলছিল। সভায় সভাপতিত্ব করছিলেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান। বন বিভাগ থেকে অভিযোগ করা হয়েছে, সভা যাতে না হয় সে জন্য বন বিভাগের জায়গা জবরদখলকারী গোমড়া এলাকার আসিক মিয়ার লোকজন সকাল থেকেই নানা রকম বাধার সৃষ্টি করছিলেন। ঘটনার সময় জবরদখলকারীদের একজন সভার ভিডিও ধারণ করতে থাকলে বন বিভাগের লোকজন ভিডিও না করতে বলেন। এ সময় জবরদখলকারীরা বন বিভাগের লোকজনের ওপর হামলা করেন। বন বিভাগের পক্ষ থেকে আত্মরক্ষার্থে চারচি ফাঁকা গুলি ছোড়া হয়। বন বিভাগের কাছ থেকে হামলার খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন বিভাগের লোকজনকে উদ্ধার করে।

এ ঘটনায় আহত বনপ্রহরী সুব্রত সরকার (৩২) ও মো. আনোয়ার হোসেনকে (৪৫) মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপ্রহরী শেখ শাহরিয়ার (২৮), মুজিবুর রহমান (৩০) ও হায়দার আলী (৪০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর দিকে আসিক মিয়া (৬০), তাঁর স্ত্রী রেজিয়া বেগম (৫০) ও তাঁর মা মসতুরা খাতুন (৯০) হাসপাতালে ভর্তি হয়েছেন। হামলাকারীরা এসিএফের গাড়ি ও উপকারভোগীর একটি মোটরসাইকেল ভাঙচুর করে। বিকেল সোয়া পাঁচটার দিকে হাসপাতালে গিয়ে আসিক মিয়াকে বারান্দায় ঘুরতে দেখা যায়। এ ঘটনায় আসিক মিয়ার দুই ছেলে রুমেন মিয়া (২৫) ও রুমান মিয়াকে (২২) পুলিশ আটক করেছে।

আসিক মিয়া বলেন, ‘এই জায়গা নিয়া মামলা আছে। ফটো তোলার সময় বন বিভাগ আক্রমণ করেছে।’

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, আসিক মিয়া বনের জায়গা জবরদখল করে আছেন। এ ঘটনায় মামলা করা হবে। আসিক মিয়ার আহত হওয়ার ঘটনা সাজানো।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, পুলিশ গিয়ে বন বিভাগের লোকজনকে উদ্ধার করেছে। দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।