মৌলভীবাজারে সাড়ে আট লাখ টাকা ছিনতাই
মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা ছিনতাই হয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের জমশেদ আলী কুসুমবাগ এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
অটোরিকশাচালক যানজট এড়ানোর জন্য শহরের শাহ মোস্তফা সড়ক হয়ে গীর্জাপাড়ার ভেতর দিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেল অটোরিকশাটির গতিরোধ করে। এরপর মোটরসাইকেলের তিন আরোহী অটোরিকশার যাত্রীদের চাকু ধরে ব্যাগে রাখা সাড়ে আট লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
এ সময় অটোরিকশায় জমশেদ আলীর ভাই আয়ূব আলী ও আত্মীয় মোহাম্মদ সাদির ছিলেন।
পুলিশ অটোরিকশাচালক শামীম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো মামলা হয়নি।