মৌলভীবাজারে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই
মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় গতকাল রোববার মো. লেবাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। লেবাছ মিয়া সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শাহবাদ গ্রামের বাসিন্দা।
লেবাছ মিয়ার পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লেবাছ মিয়া গতকাল বেলা তিনটার দিকে শহরের পশ্চিমবাজার এলাকার আইএফআইসি ব্যাংক থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি শহরের সাইফুর রহমান সড়কের (সাবেক সেন্ট্রাল রোড) চৌমোহনা এলাকার ব্র্যাক ব্যাংকে এক লাখ টাকা জমা দেন। ব্র্যাক ব্যাংক থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ান তিনি। দাঁড়ানো অবস্থায় বেলা সাড়ে তিনটার দিকে এক ছিনতাইকারী তাঁর হাতে রাখা ব্যাগ নিয়ে টানাটানি করে। এ সময় লেবাছ দৌড় দিলে ছিনতাইকারীও তাঁকে ধাওয়া করে। একপর্যায়ে ওই ছিনতাইকারী লেবাছ মিয়ার দুই হাতে ছুরিকাঘাত করে ওই সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারী আগে থেকে দাঁড়িয়ে থাকা অপর সহযোগীর মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত লেবাছ মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই ছিনতাইয়ের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।