মৌলভীবাজারে হাতকড়া খুলে পালানো আসামি ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি জাহিদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে জুড়ী উপজেলার রাজকী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহিদুলের বাড়ি কুলাউড়া পৌর শহরের উত্তর জয়পাশা এলাকায়।

পুলিশ জানায়, গত রোববার অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন কুলাউড়া থানার দুই কনস্টেবল জাহিদুলসহ আরেক মামলার আসামি সাদিক আহমদকে নিয়ে অটোরিকশায় করে মৌলভীবাজারের আদালতে যাচ্ছিলেন। রাজনগরের ইলাশপুর এলাকায় সড়কে সংস্কারকাজ চলার কারণে গাড়ি ধীরগতিতে চলছিল। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জাহিদুল কৌশলে হাতকড়া খুলে গাড়ি থেকে লাফিয়ে নেমে পালিয়ে যান। এই ঘটনায় কনস্টেবল আলম মিয়া বাদী হয়ে জাহিদুলের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা করেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল জুড়ীর রাজকী সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বিকেলে সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে আদালতের মাধ্যমে মৌলভীবাজারের কারাগারে পাঠানো হয়েছে।