মৌলভীবাজারের ব্যবসায়ী নিখোঁজ
মাহবুব ফেরদৌস আনোয়ার নামের মৌলভীবাজার শহরের এক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর ছোট ভাই এনামুল মাহবুব ফয়সল মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পুলিশ ও নিখোঁজ ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাহবুব ফেরদৌস আনোয়ার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান মৌলভীবাজার শহরের বেরিরপাড় এলাকার অ্যারো ওয়ার্ল্ড ট্রাভেলস (ট্রাভেল এজেন্সি) থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই দিন বাসা থেকে বেলা তিনটার দিকে তাঁকে ফোন করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মাহবুব ফেরদৌস আনোয়ারের স্ত্রী মুর্শেদা মাহবুব চৌধুরী গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে বলেন, বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আর তাঁর সঙ্গে যোগাযোগ নেই। প্রায় দুই কোটি টাকা মানুষের কাছে তাঁর পাওনা রয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বলেন, ‘বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত তাঁর মোবাইল চালু ছিল। আমরা বিভিন্নভাবে খোঁজ নিচ্ছি। দেখা যাক কী হয়।’