মৌসুমি আত্মহত্যা করেন 'অপবাদ' থেকে বাঁচতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়েরবাজার বেড়িবাঁধ পেরিয়ে আরও কিছুটা এগোলে ষড়্‌কুঞ্জের সেই তিনতলা বাড়ি। এই বাড়ির একটি কক্ষে মৌসুমি ছিলেন। এখন আর নেই। ঘরের এক কোনায় এক ব্যাগ বরবটি পড়ে আছে। লাঞ্চ ব্রেকে ঘরে ফিরে রান্না করার কথা ছিল। করেননি। ‘সম্মান’ বাঁচাতে আত্মহত্যা করেছেন।

কোন পরিস্থিতি তাঁকে এই সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে, ধীরে ধীরে তা পরিষ্কার হতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার মৌসুমির প্রতিবেশীদের সঙ্গে কথা হচ্ছিল। তাঁরা জানালেন, তিনতলা ওই বাড়ির মুখোমুখি দুটি কক্ষে থাকতেন গার্মেন্টস কর্মী মৌসুমি ও গাড়িচালক মো. আজিম শেখ। তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলে বাড়ির তত্ত্বাবধায়ক মো. লিটন ও তাঁর স্ত্রী রোকসানা বেগম মৌসুমিকে ফাঁদে ফেলার পরিকল্পনা করেন।

তিনতলা বাড়ির ২৭টি কক্ষে ভাড়াটেরা থাকেন।

গত রোববার রাতে গার্মেন্টস থেকে ফিরে মৌসুমি ও আজিম শেখ যখন গল্প করছিলেন, তখন দরজার বাইরের দিক থেকে তালা ঝুলিয়ে দেন বাড়ির তত্ত্বাবধায়ক মো. লিটন ও তাঁর স্ত্রী রোকসানা বেগম। রাত আড়াইটার দিকে বাইরের কিছু উঠতি বয়সী তরুণ মৌসুমির কক্ষে ঢুকে তাঁকে কুৎসিত ভাষায় গালাগাল করতে থাকেন। এই ফাঁকে বাড়ির তত্ত্বাবধায়কের সহায়তায় আজিম শেখ পালিয়ে যান। মো. লিটন ৫০ হাজার টাকার বিনিময়ে ‘মিটমাটের’ প্রস্তাব দেন। আজিম শেখের সঙ্গে বিয়ে দেবেন এই প্রতিশ্রুতিও দেন। কিন্তু আজিম শেখ বিয়েতে রাজি হননি। মৌসুমিও আর টাকা জোগাড় করতে পারেননি।

নাম প্রকাশ না করার শর্তে ওই ভবনের এক ভাড়াটিয়া প্রথম আলোকে বলেন, ‘বুধবার সকাল আটটার দিকে মৌসুমি গার্মেন্টসে গেছে। দুপুরে বাসায় ফিরে সিলিং ফ্যানে ঝুলছে। ওই তিন দিন কত কথা যে শুনছে মেয়েটা। সহ্য করতে পারে নাই।’ মৌসুমির সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হয়ে গেছে। তাঁদের বছর তিনেকের একটা ছেলে আছে। ফরিদপুরে মৌসুমির মা-বাবার সঙ্গে থাকে সে। নানাভাবে অসম্মানিত হওয়ার পর আজিম শেখও যখন মৌসুমিকে দুষতে থাকেন, তখন আর মৌসুমি সহ্য করতে পারেননি।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, বাড়ির তত্ত্বাবধায়ক মো. লিটন ও তাঁর স্ত্রী রোকসানা বেগম উঠতি বয়সী ছেলেদের সঙ্গে একটা চক্র গড়ে তুলেছিলেন। ফাঁদে ফেলে টাকা আদায়ই ছিল তাঁদের উদ্দেশ্য।

ওই ঘটনায় মৌসুমির বাবা ওমর ফারুক বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন। বাড়ির তত্ত্বাবধায়ক ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিম শেখসহ আরও চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।