সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত থেকে অবৈধভাবে আনা বেশ কিছু কয়লা জব্দ করা হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পৃথক অভিযানে এসব কয়লা জব্দ করেন। তবে জব্দ করা কয়লার পরিমাণ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিজিবির পৃথক বক্তব্য পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকেরঘাট খনি প্রকল্পের রেস্টহাউসের পাশের সড়কে কিছু মানুষের কথাবার্তা শুনে তিনি বেরিয়ে আসেন। তাঁকে দেখে লোকজন কয়লাভর্তি বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যান।
পরে তাঁর অধীনে থাকা পুলিশ সদস্যরা সেগুলো জব্দ করেন। এরপর খবর পেয়ে টেকেরঘাট খনি প্রকল্প বিদ্যালয়ের পাশে গিয়ে দেখেন সেখানে এক থেকে দেড় হাজার বস্তা কয়লা রাখা। এরপর বিজিবি সদস্যরা এলে তিনি তাঁদের সেগুলো জব্দ করতে বলে চলে আসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বড়চড়া-চারাগাঁও শুল্ক স্টেশন দিয়ে কিছু লোক ভারত থেকে অবৈধভাবে কয়লা আনছে। এ জন্য বিজিবির টেকেরঘাট এলাকার কোম্পানি কমান্ডারকে বস্তাপ্রতি ৭০ টাকা করে দিতে হয় বলে স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পেরেছেন।
বিজিবির টেকেরঘাট এলাকার কোম্পানি কমান্ডার আবদুর রউফ বলেন, ‘আমরা যে কয়লা জব্দ করেছি, তার পরিমাণ ১৭০ থেকে ১৮০ বস্তা হবে। টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল গতকাল বুধবার বলেন, ‘আমাদের হাতে জব্দ হওয়া ৭৩ বস্তার বিষয়ে তাহিরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। এতে টেকেরঘাট গ্রামের শহীদ মিয়াকে (৩০) আসামি করা হয়েছে। তবে বিদ্যালয়ের পাশ থেকে বিজিবির জব্দ করা কয়লার তালিকা আমাকে দেওয়ার কথা থাকলেও বেলা তিনটা পর্যন্ত দেয়নি।’
বিজিবির সুনামগঞ্জ ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, ‘বিজিবি ১৮০ বস্তার মতো কয়লা জব্দ করেছে। এ নিয়ে থানায় মামলা হবে। সীমান্তপথে অবৈধভাবে কয়লা আনতে বিজিবির কোনো সদস্যের কখনো টাকা নেওয়ার অভিযোগ আমি পাইনি।’