ম্যাজিস্ট্রেটের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ককটেল হামলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। 
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব আসিফ কবির আজ শনিবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, আহত ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরের সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার।
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ফেনী শহরের শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলায় আহত হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের। মাইক্রোবাসে করে শহরের ট্রাংক রোড থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া ককটেল হামলার শিকার হন তিনি।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, ককটেল বিস্ফোরণে আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে ক্লিনিকে ও পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দুই চোখের কর্নিয়ার ভেতর স্প্লিন্টার ঢুকেছে।