ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার যুবদলের কর্মী ওমর ফারুক ওরফে মহিন (৩০) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর বোমা হামলাসহ কয়েকটি নাশকতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল শনিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পুলিশ এ কথা জানিয়েছে।
ওমর ফারুকের বাড়ি দাগনভূঞা উপজেলার দক্ষিণ জায়লস্কর গ্রামে। তিনি ফেনী শহরের ইসলামপুর সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।
ফেনী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক বলেন, গত শুক্রবার রাতে ইসলামপুর সড়কের বাসায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কক্ষ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
ফেনী সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদ জানান, ওমর ফারুক কয়েকটি নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল বিকেলে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. দোলোয়ার হোসেনের আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, গত ৯ জানুয়ারি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল কাদেরের ওপর বোমা হামলা, ৪ জানুয়ারি রাতে ফেনীর মোহাম্মদ আলী বাজারের পাশে একটি বাসে আগুন, ৬ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকে আগুন ও ১৫ ফেব্রুয়ারি ফেনীর কালিপাল এলাকায় একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওমর ফারুক। কালিপালে কাভার্ড ভ্যানে পেট্রলবোমা হামলার ঘটনায় এক ব্যক্তি নিহত হন।