কক্সবাজারে চলচ্চিত্র নির্মাতার সংবাদ সম্মেলন
ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কলাকুশলীদের হেনস্তার অভিযোগ
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মাহমুদ দিদার। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আচরণ ও হেনস্তার অভিযোগ এনেছেন মাহমুদ দিদার। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ১২ জুলাই নাটক স্বপ্নের গাঙচিল, নির্জন উপকূলে ও টেলিফিল্ম জল বউ-এর চিত্র ধারণের জন্য অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কক্সবাজারে আসেন তিনি। কাজ শুরুর আগে জেলা প্রশাসনের অনুমতি নেওয়া হয়। পরদিন দুপুরে সৈকতের ‘কবি হুদা মঞ্চে’ একটি নাটকের চিত্র ধারণ করার সময় গাড়িযোগে ঘটনাস্থলে হাজির হন ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ। তিনি সেখানে কলাকুশলীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন।
মাহমুদ দিদার অভিযোগ করেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা বিচের কর্মীরা অভিনেতা নিলয় ও অভিনেত্রী শখের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট কোনো কারণ ছাড়াই তাঁকে (মাহমুদ দিদার) আসামির মতো করে গাড়িতে তুলে নিয়ে যান। পরে বিচ ম্যানেজমেন্ট কমিটির তহবিলের কথা বলে ৩০ হাজার টাকা দাবি করেন। এতে অপারগতা প্রকাশ করলে ম্যাজিস্ট্রেট তাঁকে আট হাজার টাকা জরিমানা করেন।
মাহমুদ দিদার বলেন, দেশের কোথাও শুটিং করতে গিয়ে তিনি এভাবে নাজেহাল হননি। তাঁরা নাটক-সিনেমার মাধ্যমে কক্সবাজারকে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দিচ্ছেন, যা কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশে ভূমিকা রাখছে। কিন্তু একজন ম্যাজিস্ট্রেট এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করছেন।
তবে ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, সমুদ্রসৈকতসহ কক্সবাজারের দর্শনীয় স্থানে নাটক-সিনেমা করতে গেলে প্রশাসনের অনুমতি লাগে এবং দৈনিক তিন হাজার টাকা করে বিচ ম্যানেজমেন্ট কমিটির তহবিলে ফি দিতে হয়। বিনা অনুমতিতে শুটিং করায় মাহমুদ দিদারকে এক দিনের তিন হাজার টাকা, সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি (ম্যাজিস্ট্রেট) নাটক-সিনেমার কাউকে নাজেহাল করেননি কিংবা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি।