ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বারবার বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন যুব ও ছাত্রলীগের নেতারা। অবৈধ বিলবোর্ড অপসারণে বিশেষ অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
গতকাল রোববার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন ও পুলিশ। প্রথম দিনে নগরের ওয়াসা মোড় থেকে লালখান বাজার এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ছয়টি বিলবোর্ড অপসারণ করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অভিযান চলার সময় নিজেদের প্রতিষ্ঠানের বিলবোর্ড যাতে অপসারণ করা না হয়, সে জন্য যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তৎপর ছিলেন। নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া ও হেলাল উদ্দিন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুস সাকিব অভিযান পরিচালনার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এ বিষয়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘অনেকেই রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বিলবোর্ড ব্যবসা করে আসছেন। তাঁরা সব সময় উচ্ছেদ অভিযানে ডিসটার্ব করার চেষ্টা করেন। কিন্তু আমরা সব বাধা অতিক্রম করে বিলবোর্ড উচ্ছেদ করেছি।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কের একপর্যায়ে ছাত্রলীগের নেতা নাজমুস সাকিব করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলামকে ধাক্কা দেন।
এ বিষয়ে শামসুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
তবে ধাক্কা দেওয়ার বিষয়টি অস্বীকার করে নাজমুস সাকিব বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। তাঁকে ধাক্কা দেওয়ার প্রশ্নই আসে না। সেখানে ভিড় থাকায় কোনো কারণে তাঁর গায়ে ধাক্কা লাগতে পারে।’
এদিকে লালখান বাজার ফুটপাত থেকে একটি বিলবোর্ড অপসারণ করতে গেলে বাধার মুখে পড়েন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া বিলবোর্ডের অনুমোদন রয়েছে দাবি করে বিভিন্ন কাগজপত্র দেখান তাঁকে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে বলেন, করপোরেশনের নীতিমালা অনুযায়ী ফুটপাতে বিলবোর্ড স্থাপনের নিয়ম নেই। এরপর বিলবোর্ড অপসারণ করা হয়।
এ বিষয়ে সনৎ বড়ুয়া বলেন, ‘ওই বিলবোর্ডের বৈধ কাগজপত্র রয়েছে। ম্যাজিস্ট্রেটকে তা দেখাতে গিয়েছি।’
দুপুরে লালখান বাজার এলাকাতেই আরেকটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিলবোর্ড অপসারণ করতে গেলে আবারও বাধার মুখে পড়েন ম্যাজিস্ট্রেট। বিলবোর্ডের অনুমোদন রয়েছে বলে জানান নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর ভাই যুবলীগের সদস্য হেলাল উদ্দিন। তিনি ম্যাজিস্ট্রেটকে বিলবোর্ডটি অপসারণ করতে নিষেধ করেন ও অনুমোদন থাকার কাগজপত্র উপস্থাপন করেন।
এ সময় হেলালের আরেক ভাই মেজবাহ উদ্দিন ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘বিলবোর্ড কাটা বন্ধ করেন। না হলে আপনাদের খরচে তা লাগাতে হবে।’
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘তাঁরা যেসব কাগজপত্র দেখিয়েছেন, তাতে প্রপার অথরিটির (যথাযথ কর্তৃপক্ষ) স্বাক্ষর নেই। তাই অবৈধ হিসেবে বিলবোর্ডটি উচ্ছেদ করেছি।’
তবে হেলাল উদ্দিন বলেন, ‘বৈধ কাগজপত্র থাকার পরও ম্যাজিস্ট্রেট তা উচ্ছেদ করেছেন।’
অভিযান চলার সময় বিকেলে লালখান বাজার এলাকায় পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘উচ্ছেদ অভিযানে যাঁরা বাধা দেবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’