ম্যাটস ছাত্রীকে ভবন থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ভবন থেকে ফেলে দিয়ে ইসমত আরা পারভিন (২০) নামের এক ছাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা গাজিউল ইসলাম। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
বগুড়ার সোনাতলা উপজেলার হলিদাবগা গ্রামের বাসিন্দা গাজিউল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তাঁর মেয়ে ইসমত আরা পারভিন ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের শেষ বর্ষের ছাত্রী।
বগুড়া সদর থানা-পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচের অংশের ফাঁকা জায়গা থেকে ইসমত আরাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গাজিউল ইসলাম বলেন, তিনি সোমবার ছুটিতে বাড়িতে আসেন। রাত আনুমানিক একটার দিকে টিএমএসএসের একজন কর্মচারী মিজান পরিচয় দিয়ে তাঁর স্ত্রী রওশন আরাকে মুঠোফোনে জানান, ইসমত আরা হাসপাতালের ভবনের ওপর থেকে পড়ে মারা গেছেন। এরপর রাতেই তিনি টিএমএসএস মেডিকেলে পৌঁছান। কিন্তু লাশ দেখেই তিনি নিশ্চিত হন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তাঁর মেয়ের শরীরে কোনো ওড়না ছিল না। এমনকি তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোনের হদিস মিলছে না। মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। গলায় স্বর্ণের চেইন ছিল। কানে দুল ছিল। সেসবও নেই।
তবে টিএমএসএস ম্যাটসের প্রশাসনিক কর্মকর্তা শামীম ফেরদৌস এটিকে দুর্ঘটনা বলে দাবি করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ওই ছাত্রীর অভিভাবককে ফোনে জানানো হয়েছে। তিনি জানান, হাসপাতালের নির্মাণাধীন ১৭তলা ভবনের ১০তলা পর্যন্ত চালু থাকলেও বাকিটার কাজ চলছিল। ওই ভবনের লিফট বসানোর ফাঁকা জায়গায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে ইসমতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।