ম্যাটস শিক্ষার্থীদের ওপর ফের পুলিশি হামলার অভিযোগ
চার দফা দাবিতে আন্দোলনরত বগুড়ার বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের ওপর ফের পুলিশি হামলার অভিযোগ উঠেছে। সাইক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল নামের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর গতকাল বৃহস্পতিবার পুলিশ ওই হামলা চালায়। এ সময় পাঁচ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটক শিক্ষার্থীরা হলেন পলাশ, প্লাবন, মোশারফ করিম, ওমর ফারুক ও আবদুল্লাহ আল হাসান।
এর আগে গত বুধবার বগুড়ার ১০টি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন।
সাইক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের কয়েকজন শিক্ষার্থী বলেন, চার দফা দাবি আদায়ে পরবতী কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তাঁরা গতকাল বেলা পৌনে একটার দিকে সাইকের কানুছগাড়ি ক্যাম্পাস থেকে মোহাম্মদ আলী হাসপাতালে স্বাস্থ্য সহকারীদের জ্যেষ্ঠ নেতাদের কাছে যাচ্ছিলেন। এ সময় সাইকের প্রশাসন বিভাগ থেকে পুলিশকে অভিযোগ করা হয়, শিক্ষার্থীরা কলেজে ভাঙচুর চালিয়েছেন। পুলিশ অভিযোগ যাচাই না করেই বগুড়া-শেরপুর সড়কে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। তারা ওই পাঁচজনকে টেনেহিঁচড়ে হাতকড়া লাগিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, গতকাল সাইকের শিক্ষার্থীরা সংগঠিত হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করেছে। আটক শিক্ষার্থীদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।